গাজায় যুদ্ধবিরতি ও ত্রাণ তৎপরতা নিয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গতকাল বুধবার তারা এ বিষয়ে আলোচনা করেন বলে নিশ্চিত করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে দুই মন্ত্রী অবরুদ্ধ গাজা উপত্যকা ও এর আশপাশে সামরিক উত্তেজনা বন্ধ এবং যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার উপায় নিয়ে আলোচনা করেন। এছাড়াও ত্রাণ এবং চিকিৎসা সহায়তা প্রচেষ্টাও স্থান পায় তাদের আলোচনায়।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় প্রিন্স ফারহান গাজার বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুতি বন্ধ করা, ইসরায়েলি বাহিনীর আন্তর্জাতিক আইন লঙ্ঘন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছেন।