গত ১৭-১৮ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে সিয়াম বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি অফ এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, ক্যালিফোর্নিয়া ব্যাপ্টিস্ট ইউনিভার্সিটি এবং এশিয়ান কোপারেশন ডায়ালগ-ইউনিভার্সিটি নেটওয়ার্ক এর সহযোগিতায় অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটিস অফ দ্যা এশিয়া অ্যান্ড দ্যা প্যাসিফিক (এইউএপি) এর ৩৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এই সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। এবারের বার্ষিক সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিলো ‘ইউটিলাইজিং ইনস্টিটিউশনাল অ্যাসেট্স টু এনহ্যান্স গেস্নাবাল আউটরিচ’।
গত ২০০৩ সাল থেকে অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটিস অফ দ্যা এশিয়া অ্যান্ড দ্যা প্যাসিফিক (এইউএপি) এর সদস্য হিসাবে এআইইউবি বিভিন্ন সম্মেলনে অংশগ্রহন করে আসছে। এবারের ৩৬তম বার্ষিক সম্মেলনে ৫০টিরও বেশি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হতে ১০০ জনেরও বেশি প্রতিনিধিবৃন্দ বিভিন্ন সেশনের আলোচনায় অংশগ্রহণ করেন।
সম্মেলনে এআইইউবি-এর ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড. লামাগনা এইউএপি এক্সিকিউটিভ বোর্ড এবং এইউএপি উপদেষ্টা পরিষদের ৫৪তম এইউএপি নির্বাহী বোর্ডের সভায় অংশগ্রহন করেন। তিনি এইউএপি এর ৩৬তম বার্ষিক সম্মেলনে মডারেটর হিসাবে প্যানেল আলোচনা পরিচালনা করেন।
দুই দিনের সম্মেলনে ড. লামাগনার সাথে অংশগ্রহণ করেন ব্যবসায় প্রশাসন অনুষদের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক শামা ইসলাম। এআইইউবি এইউএপি এর ৩৬তম বার্ষিক সম্মেলনে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে শিক্ষা বিনিময় ও যৌথ গবেষণা বিষয়ক ১৮টি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।