ইন্দোনেশিয়ার একটি আদালত দেশটির দুর্নীতি দমন কমিশনের প্রধানকে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত করেছে। ইন্দোনেশীয় পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ইন্দোনেশিয়ার দুর্নীতি দমন কমিশনের প্রধান ফিরলি বাহরিকে অভিযুক্ত করেছে আদালত।
দেশটির পুলিশ জানিয়েছে, ইন্দোনেশিয়ার দুর্নীতি দমন কমিশনের প্রধানের বিরুদ্ধে কৃষি মন্ত্রণালয় থেকে অর্থ আত্মসাতের তদন্ত করা হচ্ছে। জাকার্তা পুলিশের বিশেষ অপরাধ দমন ইউনিটের প্রধান ডে সাফরি সিমানজুন্টাক গত বুধবার জানান, দুর্নীতির মামলায় সন্দেহভাজন ইন্দোনেশিয়ার দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ফিরলি বাহরির বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে।
ইন্দোনেশিয়ার পুলিশ আরও জানায়, ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে দেশটির কৃষি মন্ত্রণালয় থেকে আত্মসাৎ করা প্রায় ৫ লাখ মার্কিন ডলার দেশের দুটি স্থান থেকে উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার কৃষিমন্ত্রী সিহরুল ইয়াসিন লিম্পোকে ৮ লাখ মার্কিন ডলার আত্মসাতের মামলায় অভিযুক্ত করেছে আদালত। সেই একই মামলায় দেশটির দুর্নীতি দমন কমিশনের প্রধানকেও অভিযুক্ত করা হল। আদালতে অভিযোগ করা হলেও এখনো কমিশন প্রধানকে আটকের কোন সংবাদ পাওয়া যায়নি। আইন অনুসারে, দোষী সাব্যস্ত হলে রাষ্ট্রপতি কমিশন প্রধানকে বরখাস্ত করবেন। ২০২১ সালে মহামারির মধ্যে প্রাক্তন সমাজ বিষয়ক মন্ত্রীকেও দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ায় ব্যাপক দুর্নীতির কারণে আন্তর্জাতিক দুর্নীতি সূচকে অবনতি হয়েছে দেশটির।