ইন্দোনেশিয়ার একটি মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৩৬ জন। খবর আল জাজিরা।
রবিবার (২২ নভেম্বর) দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এক বিবৃতিতে জানায়, রাজধানী জাকার্তার পাশের বানতেন প্রদেশে অবস্থিত ফনুসা আগুং মুলিয়া কারখানাটি থেকে অন্তত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধারকর্মী রিজকি দিউয়ান্তো বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, ‘কারখানার কয়েকটি স্থানে এখনো আগুন জ্বলছে। আগুন নেভানোর পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পানি ছিটানো ও আগুনের তাপ কমানোর কাজ চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।’
তিনি আরও জানান, আগুন লাগার ১২ ঘণ্টারও বেশি সময় পরও কারখানার বিভিন্ন অংশে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছিলেন সেরাং জেলা ও বানতেন প্রদেশের দমকলকর্মীরা।
উদ্ধারকর্মীদের পাশাপাশি দমকল বিভাগের সদস্য ও ইন্দোনেশিয়ান রেড ক্রিসেন্টের কর্মীরা কারখানার বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছেন। বিশেষ করে যেসব স্থানে কেউ আটকা পড়ে থাকতে পারেন, সেসব জায়গায় উদ্ধার অভিযানকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান দিউয়ান্তো।
বানতেন প্রদেশের গভর্নর আন্দ্রা সোনি সাংবাদিকদের জানান, আগুন লাগার সময় কারখানাটিতে প্রায় ৬০ জন কর্মী ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে তিনতলা কারখানা ভবনটি থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। ভেতর থেকে ধারণ করা ভিডিওতে আগুনে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। আগুনে বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে কালো হয়ে গেছে এবং অনেক সরঞ্জাম পুরোপুরি ধ্বংস হয়েছে।
স্থানীয় টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কারখানার বাইরে স্বজনদের জন্য অপেক্ষায় থাকা অনেক মানুষকে জড়ো হতে দেখা যায়।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ায় বেশ কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ড ও দুর্ঘটনার ঘটনা ঘটেছে। গত বছরের ডিসেম্বরে রাজধানী জাকার্তার একটি অফিস ভবনে আগুন লেগে অন্তত ২২ জন নিহত হন। এ ছাড়া ২০২৩ সালে দেশটির একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়।