প্রধানমন্ত্রীর সঙ্গে আবার দেখা করলেন তামিম

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন তামিম ইকবাল। নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা। 

ঠিক কি কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তামিম সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ফেসবুক পোস্টে শুধু লিখেছেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের।' তবে কি বিষয়ে আলোচনা করেছেন সেটা পরিষ্কার করে বলেননি। একটি বেসরকারি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘বিশেষ কোনো প্রয়োজনে নয়, এমনিতেই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।’ তবে ক্রিকেট নিয়ে একদমই কথা হয়নি তেমন নয়, অল্প কিছু কথা হয়েছে বলে জানান তামিম। 

গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন আচমকা অবসর নেন তামিম। এরপর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও তামিম-মাশরাফির উপস্থিতিতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তিনি। সেখানে শেখ হাসিনার অনুরোধে ক্রিকেটে ফিরে আসেন তিনি। কিন্তু চোটের কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে পারেননি তামিম। এটা নিয়েও জলঘোলা হয়েছে অনেক দূর। 

ঘরের মাঠে নিউজিল্যান্ডের আসন্ন টেস্ট সিরিজেও খেলছেন তামিম। নিজে থেকেই এই সিরিজ থেকে সরিয়ে নিয়েছেন তিনি। এছাড়া নিউজিল্যান্ড সফরেও অনিশ্চিত এই ওপেনার।