প্রথমে আব্দুল্লাহ শফিক, তারপর বাবর আজম। শেষটা ফখর জামানের। এই তিন পাকিস্তানি ব্যাটসম্যানকে ফিরিয়ে মেহেদি হাসান মিরাজ করেছেন অন্যরকম ‘সেঞ্চুরি’। ক্যারিয়ারের ৮৯তম ওয়ানডেতে এসে তিনি পেয়েছেন নিজের শততম উইকেটেরে দেখা।
বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে তিন উইকেট তুলে নিয়ে ক্যারিয়ারের ১০০ উইকেট অর্জন করেছেন এই অলরাউন্ডার।
বাংলাদেশের দেওয়া ২০৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে পাকিস্তান ছুটছিল। শতরানের উদ্বোধনী জুটির পর ১০ উইকেটে হারের শঙ্কা উঁকি দিচ্ছিল টাইগার সমর্থকদের মনে। তবে মেহেদি মিরাজ এনে দিয়েছিলেন প্রথম ব্রেকথ্রু! সুইপ করতে গিয়ে মিস করে এলবিডব্লু হয়েছেন আব্দুল্লাহ শফিক। শট খেলতে একটু বেশি সময় নিয়েছেন ফুললেংথের বলে। যদিও রিভিউ নেন পাকিস্তান ওপেনার। কিন্তু খোলা চোখে মনে হচ্ছিল, ব্যাটে না লাগলে বাঁচার কোনো সম্ভাবনা নেই শফিকের। বল ট্র্যাকিংয়ে নিশ্চিত হয়েছে সেটিই। তাতে ভাঙে ১২৮ রানের জুটি।
এরপরই আসে দ্বিতীয় উইকেট। সেটাও মিরাজের কল্যাণেই। এবার তার শিকার পাক অধিনায়ক বাবর আজম। সামনে গিয়ে স্লটে নিতে চেয়েছিলেন বাবর, তবে মিরাজের বলে টার্ন ছিল, তাতেই সুবিধা করতে পারেননি পাকিস্তান অধিনায়ক। যে ওভারের শুরুটা হয়েছিল ফখরের হাতে ছক্কা খেয়ে, মিরাজ সেটির চতুর্থ বলে পান বাবরের উইকেট।
এই দুই উইকেটের পর ফখর জামানকে ফেরান তিনি। স্লগ সুইপ করেছিলেন ফখর, ওয়াইড লং অনে ক্যাচ গেছে তাওহিদ হৃদয়ের হাতে। ৭৪ বলে ৮১ রানে শেষ হয়েছে ফখরের ইনিংস।
