রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকার একটি ঘর থেকে এক যুবক এবং এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল আলম জানান, এই ঘটনায় আরও একজন অসুস্থ হয়ে মিটফোর্ড হাসপাতালে ভর্তি আছেন।
তিনি জানান, মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে বিয়ারের ক্যান পাওয়া গেছে। তাদের মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার ভোরের মধ্যে যেকোনো সময় তাদের মৃত্যু হয়েছে।
জানা যায়, মৃত যুবকের নাম রামিম (২৪)। তার বাবার নাম রমজান। তার বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার উমরাকান্দা গ্রামে। তবে মৃত কিশোরীর (১৪) নাম-পরিচয় জানা যায়নি।
এছাড়া একই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এই যুবকের নাম মাইকেল (২৫) বলে জানা গেছে। রামিম ও তার বাড়ি একই গ্রামে।