ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়া তিন শিক্ষককে শোকজ

মাদারীপুরের রাজৈর উপজেলার মাচরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির প্রশ্নপত্র দিয়ে তৃতীয় শ্রেণির বিজ্ঞান পরীক্ষা নেওয়ায় প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার তাদের শোকজ করেন জেলা শিক্ষা কর্মকর্তা তাপস পাল।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তপা বিশ্বাসের পাঠানো তদন্ত প্রতিবেদনে সত্যতা পাওয়ায় এ নোটিস দেন তিনি। এ সময় ভুক্তভোগী ওই শিক্ষার্থীদের আবার পরীক্ষা নেওয়ার নির্দেশও দেওয়া হয়।

শোকজকৃতরা হলেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক টিপু সুলতান, সহকারী শিক্ষক কাজী শাহাজুল ও মেরী আক্তার। জানা যায়, গত বুধবার সকালে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এলে তাদের পঞ্চম শ্রেণির বিজ্ঞান প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেন সংশ্লিষ্ট শিক্ষকরা। বুধবার রাতেই এ ঘটনা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানান অভিভাবকরা। এ ব্যাপারে সহকারী শিক্ষক কাজী শাহাজুল বলেন, একাই পরীক্ষার হলে দায়িত্বে ছিলাম। আসলে প্রশ্নপত্র ভালো করে দেখিনি।