সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হন আরও একজন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, শনিবার সকালে সাতক্ষীরা বিজিবি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভারতীয় নাগরিক হলেন ছবি বিশ্বাস (৩৬) ও অসীম কুমার (৪৫)। তারা ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া সজীব নামে প্রাইভেট কারচালক আহত হন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে খুলনা থেকে প্রাইভেট কারযোগে সাতক্ষীরা অভিমুখে আসার সময় বিজিবি ক্যাম্পের সামনে একটি তেলবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুজন নিহত হয়। আহত অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম আরও জানান, নিহত ওই দুই ভারতীয় নাগরিক রেলপথ মন্ত্রণালয়ে চাকরি করতেন। তাদের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।