বলেছেন আকরাম খান

খেলার বাইরের বিষয়ে আলোচনা করা দল কখনও ভালো করে না

সদ্য শেষ হওয়া ভারত বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্ন ছিল অনেক বড়। নিজেদের ইতিহাসে সেরা পারফরম্যান্স করার লক্ষ্য নিয়ে গিয়েছিলেন সাকিব আল হাসানরা। কিন্তু সবচেয়ে বাজে আসরটা পাড় করে এসেছে তারা। ৯ ম্যাচের মাত্র দুটিতে জয় পেয়েছে তারা। ব্যাটিং স্বর্গের উইকেট হলেও ৩০০ অতিক্রম করতে পেরেছেন তারা মাত্র একবার। হতাশার এই আসর শুরুর আগে সাকিব-তামিম ইস্যু নিয়ে দেশের ক্রিকেট ছিল উত্তাল।

বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায় ভিডিও বার্তায় অভিযোগের তীর ছুড়েন তামিম। পরে তার পাল্টা জবাবে কড়া ভাষায় কথা বলেন অধিনায়ক সাকিব আল হাসানও। এরপর বিশ্বকাপে গিয়ে পারফরম্যান্স ভালো হয়নি। এ নিয়ে এবার সমালোচনা করেছেন সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান। 

শনিবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘এবার প্রত্যাশা বেশি ছিল। পরিকল্পনাও করেছিলাম অনেক ভালোভাবে। চার বছর আগে থেকেই শুরু করেছিলাম যেহেতু ভারতে খেলা হবে। তাই অনেক আশা ছিল আমাদের। একটা দেশে যদি খেলার আগে এত কথাবার্তা হয় অন্য বিষয় নিয়ে, তো ওই দল কোনোদিন ভালো করতে পারবে না। আমি এশিয়া কাপেও বলেছিলাম, বিশ্বকাপের আগে এটা একটা ভালো টুর্নামেন্ট যারা অংশ নেবে তাদের জন্য। কিন্তু ওখানে আমরা এক্সপেরিমেন্ট করে পুরো দলকে দাঁড় করাতে পারিনি। শেষ পর্যন্ত একটা দলই আমরা দাঁড় করাতে পারিনি। এত এক্সপেরিমেন্ট করলে আমার মনে হয় না কোনো দেশ ভালো করবে।’

বিশ্বকাপের আগে মাঠের পারফরম্যান্স বা পরিকল্পনা কী হবে এ আলোচনা ছিল কম। কথা হয়েছে সাকিব-তামিমের দ্বন্দ্ব নিয়ে। বিশ্বকাপ খেলতে গিয়ে চ্যাম্পিয়ন হতে না পারলেও কথার লড়াইয়ে কী ঠিকই জিতেছে? এমন প্রশ্ন ছিল আকরামের কাছে।

উত্তরে তিনি বলেন, ‘অনেকে কথায় জিততে চায়। এজন্য পারফরমান্স ভালো হয় না। খেলোয়াড়দের উচিত মাঠে গিয়ে পারফরম করা। সে জিনিসটা আমরা করতে পারিনি। মাঠের বাইরে অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি। এটা সবার বোঝা উচিত ছিল। কারণ এই দেশ কারো ব্যক্তিগত না, সবার। যদি বাংলাদেশ ভালো করে, সবার ভালো লাগবে। কেউ যদি নিজেরা নিজেদের মতো করতে চায় তাহলে তো এটা হবে না। এটা হওয়া উচিতও না। একটা মেজর টুর্নামেন্টের সময় খেলার বাইরের বিষয় নিয়ে বেশি কথা হলে সবাই চাপে পড়ে যায়।’

এর দায় করার এমন প্রশ্নের জবাবে সাবেক এই অধিনায়ক বলেন, ‘এই দায়টা আমি মনে করি সবারই। সবাইকে সম্মান করতে হবে। এবং যারা জড়িত আছে তাদের সম্মানটা দেওয়া উচিত। যারা অনেকদিন ধরে খেলছে, তাদের ওই সম্মানটা দেওয়া উচিত। যারা নতুন খেলোয়াড় আসছে, ওদের বোঝাতে হবে ওরা অনেক গুরুত্বপূর্ণ। আমার একটাই কথা সম্মান করাটা গুরুত্বপূর্ণ। ছোট-বড় সেটা না। যে জায়গায় আছে সবাইকে সবার সম্মান দিয়ে কথা বলা। যদি কোনো সমস্যা হয় তাহলে বোর্ডে এসে কথা বলে সমাধান করা উচিত।’