অক্টোবরে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। করোনা পরিস্থিতিতে সিরিজের পূর্বে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের বড় অংশ হবে শ্রীলঙ্কাতেই। দেশে যে অংশটুকু হবে তার শুরুর দিন নির্ধারণ হয়েছে ২১ সেপ্টেম্বর। তার আগে ১৮ সেপ্টেম্বর ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান মঙ্গলবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এদিন শ্রীলঙ্কা সফর নিয়ে নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন আকরাম খান। এরপর সংবাদমাধ্যমকে জানালেন সিরিজ পূর্ব প্রস্তুতি পরিকল্পনার কথা।
‘আগামী ১৮ তারিখ (সেপ্টেম্বর) ক্রিকেটারদের বাড়িতে গিয়ে কভিড পরীক্ষা করা হবে। এরপর হোটেলে যেন ২০ সেপ্টেম্বর ওঠা যায় সে ব্যাপারে ভাবছি। ক্যাম্প শুরু হবে ২১ সেপ্টেম্বর থেকে। কিছুদিন অনুশীলন করার পর আমরা শ্রীলঙ্কা যাব।’- বলছিলেন আকরাম।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের সূচি চূড়ান্ত না হলেও ২৪ অক্টোবর প্রথম টেস্ট হবে বলে খবর। এর আগে ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ দলের শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা জানানো হয়েছিল। তবে ২১ সেপ্টেম্বর ক্যাম্প শুরু হওয়ায় যাত্রার তারিখ পেছাচ্ছে এটা নিশ্চিত।
এদিকে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোসহ বিদেশি কোচিং স্টাফের সবাই নিজ নিজ দেশে অবস্থান করছেন। বাংলাদেশের কোচিং স্টাফের বড় অংশই দক্ষিণ আফ্রিকার। আকরামের আশা সেপ্টেম্বরের শুরুর দিকেই পাওয়া যাবে কোচিং স্টাফদের সদস্যদের।
আকরাম বলেন, ‘বিদেশি কোচিং স্টাফরা সেপ্টেম্বরের শুরুর দিকে এসে পড়বেন। তবে তারা দেশে এসেই তো দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। তাদেরকেও নির্দিষ্ট একটা দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। শ্রীলঙ্কায় দল যাওয়ার পরও সেখানেও পুরো দলকে কোয়ারেন্টাইনের নিয়ম মানতে হবে।’
আকরামকে অবশ্য এই কোয়ারেন্টাইন, ক্রিকেটারদের ঘন ঘন করোনা পরীক্ষা নিয়ে বেশ চিন্তিতই লাগল। বলছিলেন, ‘আমরা যতটুকু শুনেছি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও সফরে যাওয়া ক্রিকেটারদের ঘন ঘন করোনা টেস্ট করাবে। আল্লাহ না করুক, এরপরও কেউ আক্রান্ত হলে কোয়ারেন্টাইনে থাকতে হবে। এসব বাড়তি সতর্কতা নিয়েই চিকিৎসকদের সঙ্গে আমাদের আলাপ-আলোচনা হচ্ছে। স্বাস্থ্য সুরক্ষার সর্বোচ্চ সতর্কতা নিয়েই আমরা এই সফরের পরিকল্পনা করছি।’
