গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে প্রণোদনা বাড়বে

গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার। তিনি বলেন, পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করছি। গ্রীষ্মকালে পেঁয়াজের চাষ জনপ্রিয় করতে কৃষকদের আমরা বিনামূল্যে বীজ, সার দিচ্ছি। এর মধ্যে এর সুফল আমরা পেয়েছি।

গতকাল শনিবার মেহেরপুর জেলার সদর উপজেলার ইছাখালী গ্রামে গ্রীষ্মকালীন পেঁয়াজের মাঠ দিবস ও কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওয়াহিদা আক্তার বলেন, আমাদের নানা উদ্যোগের জন্য পেঁয়াজ উৎপাদনে আমরা সুফল পাচ্ছি। কৃষকদের মধ্যে উৎসাহ তৈরিতে আগামী বছর থেকে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা আরও বাড়ানো হবে। এর ফলে স্থানীয়ভাবে পেঁয়াজের চাহিদা মেটানো সম্ভব হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুবুল হক পাটওয়ারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের খুলনা অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কৃষক প্রতিনিধিরা।

গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বাড়াতে কৃষি মন্ত্রণালয় গত কয়েক বছর ধরে কৃষকদের প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ, সার প্রভৃতি বিতরণ করছে। চলমান বছরেও ৩২ কোটি টাকার বেশি প্রণোদনা প্রদান করা হয়েছে।