এইচএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে ফরিদপুরের সদরপুর সরকারি কলেজের শিক্ষার্থী সাদিয়া আক্তার (১৮)।

সাদিয়া চলতি বছরে এইচএসসি পরীক্ষায় সদরপুর সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে অংশ নেয়। পরীক্ষায় সে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়।

আজ রবিবার ফলাফল প্রকাশের পর দুপুরের দিকে ঘরের ভেতরে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে প্রতিবেশীরা। এরপর সাদিয়াকে উদ্ধার করে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাদিয়া আক্তার ৩৩ নম্বর ডিগ্রীর চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর সালাম মৃধা এবং একই বিদ্যালয়ের অফিস সহকারী রজিনা আক্তারের মেয়ে। তাদের গ্রামের বাড়ি উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের আলী হোসেনের ডাঙ্গী গ্রামে।

এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন আল রশিদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।