নীলফামারীর কিশোরগঞ্জে এইচএসসি পরীক্ষা ইতিহাস প্রথমপত্র ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের অধীনে ২০২৬ সালের এইচএসসি ১৯ জুলাইয়ের পরীক্ষা চলাকালে উপজেলার বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার কাজে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে বিস্তারিত প্রতিবেদনের জন্য তদন্ত কমিটি গঠন করা হলো। আগামী ২১ জুলাই মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিলের জন্য অনুরোধ করা হলো।
তদন্ত কমিটিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে আহ্বায়ক করে উপজেলা সহকারী পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তাকে সদস্য ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সদস্য সচিব করা হয়েছে।
পরীক্ষার্থীরা জানায়, রবিবার সকাল ১০টায় ইতিহাস প্রথমপত্রের পরীক্ষা শুরু হয়। এ সময়ে পরীক্ষার্থীদের ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। সেই অনুযায়ী শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ভুল প্রশ্নের পরীক্ষা দিতে থাকেন ৷ পরে ভুলটি ধরা পড়লে কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র বিতরণ করেন। এরপর নতুন প্রশ্নে সময় বাড়িয়ে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, এবিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেখানে ৪৯০ পরীক্ষার্থী ছিল আজকে ৪৭৯ উপস্থিত ছিল কিন্তু সব রুমে এ ঘটনা ঘটেছে বিষয়টি এমন না। তদন্ত প্রতিবেদন দাখিল করা করা হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।