আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি আসে তবে তফসিল পুনর্নির্ধারণ হতে পারে। কিন্তু ভোটের তারিখ পরিবর্তন হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ রবিবার (২৬ নভেম্বর) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ভোটের তারিখ পেছানো নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। আমিসহ আমাদের মাননীয় কমিশনাররা বলেছেন, যদি বিএনপি নির্বাচনে আসেন এতে যদি প্রয়োজন হয় তফসিলটা রিশিডিউল (পুনর্নির্ধারণ) করা যেতে পারে। ওটাকে নির্বাচন পেছানোর কথা বলা হয়নি। তফসিলটা রিশিডিউল করে তাদের যদি অ্যাকমোডেট করার সুযোগ থাকে সেই জিনিসটা করা হবে। এ কথাটাই আমাদের কমিশনাররা বলেছেন। এটাই আমাদের কমিশনের মতামত।
সিইসি আরও বলেন, সবার মধ্যে যদি সমঝোতা হয় তাহলে আমাদের জন্য জিনিসটা আরও অনুকূল হয়ে ওঠে। আমরা এখনো আশা করি হয়তো ওনারা আসতেও পারেন। যদি আসেন সেটা আমাদের জন্য, সবার জন্য, পুরো জাতির জন্য একটা সৌভাগ্য হবে। কারণ আমরা চাই নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক। সবাই অংশগ্রহণ করুক।