শীতে হাঁপানি রোগীর সতর্কতা

শীতকাল অ্যাজমা বা হাঁপানি রোগীদের জন্য কষ্টকরই বটে। এ সময় শীতল ও ঠান্ডা আবহাওয়া, উড়ন্ত ধুলাবালু, শুষ্ক বাতাস, ঘর ঝাড়মোছ করলে বা ফুলের পরাগ রেণুর সংস্পর্শে এলে রোগীর প্রায়ই হাঁপানির টান ওঠে। ভাইরাস সংক্রমণ, সর্দি-কাশি, ফ্লুও এ সময় বেশি হয়। যে কোনো সংক্রমণ বাড়িয়ে দিতে পারে হাঁপানি রোগীর সমস্যা। তাই শীত এলে হাঁপানি রোগীর চাই আগাম প্রস্তুতি।

কীভাবে প্রস্তুতি নেবেন

শীতেএকটু বেলা করে হাঁটুন বা ঘরে ব্যায়াম করুন।

পরিবেশে ধুলাবালু ও উড়ন্ত ফুলের রেণু, কণা এ সময় বেশি থাকে। বাইরে  মাস্ক আপনাকে উড়ন্ত ধুলাবালু থেকে রেহাই দেবে। যথোপযুক্ত গরম কাপড় ব্যবহার করুন। বাড়িতে খালি পায়ে হাঁটবেন না। হাঁপানি রোগীদের ফ্লু আর নিউমোনিয়ার টিকা দিয়ে নেওয়া উচিত। বাড়িতে ইনহেলার ও অন্যান্য ওষুধের মজুদ আছে কিনা, বাড়িতে নেবুলাইজার ব্যবহার করতে পারেন। শীতের শুরুতে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধ ও ইনহেলারের ডোজ ঠিক করে নিন। শ্বাসতন্ত্রের রোগীরা মাস্ক পরা, হাত ধোয়া, ভিড় এড়িয়ে চলার মতো বিষয়ে জোর দিন। যদি শ্বাসকষ্ট হঠাৎ বাড়ে রোগীকে সোজা হয়ে বসতে বলুন ও আশ্বস্ত করুন যে কিছুই হয়নি।

উপশমকারী সালবিউটামল বা সালবিউটামল ও ইপরাট্রোপিয়াম যুক্ত ইনহেলার স্পেসারের সাহায্যে ধীরে ধীরে পাঁচটি চাপ নিন। স্পেসার না থাকলে কাগজের ঠোঙা ব্যবহার করতে পারেন। স্পেসারের মধ্যে প্রতিবার এক চাপ দিয়ে তা থেকে পাঁচবার শ্বাস নিতে হবে। এভাবে পাঁচবার চাপ দিন। বয়স্ক ও শিশুদের ক্ষেত্রে খেয়াল করুন, শ্বাস বড় করে ওষুধ ঠিকমতো টেনে নেওয়া হচ্ছে কিনা, খেয়ে ফেললে কাজ হবে না। পাঁচ মিনিট অপেক্ষা করুন। বিশ্রাম নিন। তারপরও শ্বাসকষ্ট না কমলে আবার পাঁচবার চাপ দিয়ে শ্বাস নিন। এভাবে মোট পাঁচবার (মোট ২৫ চাপ) নেওয়া যেতে পারে। এরপরও শ্বাসকষ্ট বা হাঁপানির টান না কমলে হাসপাতালে নিতে হবে বা নেবুলাইজার যন্ত্রের সাহায্য লাগবে। হাসপাতালে পৌঁছার আগ পর্যন্ত পাঁচ চাপ করে ইনহেলার নিতে থাকবেন।