স্ত্রী শাশুড়ি শিশুসন্তান হত্যায় ৩ জনের ফাঁসি

চাঁদপুরে স্ত্রী-শাশুড়ি হত্যায় এবং শরীয়তপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পৃথক ঘটনায় দুই ব্যক্তিকে ফাঁসির দন্ড দিয়েছে আদালত। অন্যদিকে সিরাজগঞ্জে শিশুসন্তানকে হত্যায় এক বাবার ফাঁসি হয়েছে। গতকাল রবিবার নিজ নিজ জেলা ও দায়রা জজ আদালত পৃথক মামলায় এসব রায় দেয়। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :

চাঁদপুর : ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে সন্দেহকে কেন্দ্র করে স্ত্রী তানজিনা আক্তার রিতু (২০) ও শাশুড়ি পারভীন বেগমকে (৪৫) হত্যার দায়ে স্বামী মো. আল মামুন মোহনকে (৩২) মৃত্যুদন্ড দিয়েছে আদালত। গতকাল দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) শাহেদুল করিম এ রায় দেন।

২০২০ সালের ১৩ মে গৃদকালিন্দিয়া এলাকায় শ্বশুরবাড়িতে ইফতারের সময় স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাত করে হত্যা করেন মামুন।

শরীয়তপুর : শরীয়তপুরে পরকীয়ার অভিযোগ এনে স্ত্রী আমেনা বেগমকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী নজরুল ইসলাম মাদবরকে মৃত্যুদ-ের আদেশ দিয়েছে আদালত। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মফিজুর রহমান এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের নজরুল ইসলাম মাদবরের সঙ্গে গঙ্গেসকাঠি গ্রামের আমেনা বেগমের বিয়ে হয়। ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি নজরুল নিজ বাড়িতে কুড়াল দিয়ে কুপিয়ে আমেনাকে হত্যা করেন। হত্যার পর ফেসবুক লাইভে আসেন নজরুল। লাইভে তার স্ত্রী আমেনা বেগমকে খাটের ওপর তোশক দিয়ে মোড়ানো অবস্থায় দেখান। একপর্যায়ে তাকে গান গাইতে শোনা যায়।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গা ইউনিয়নের চৌবিলা পশ্চিমপাড়া গ্রামের দেড় বছরের মেয়েশিশু রাইয়া খাতুনকে হত্যার দায়ে বাবা মনিরুল ইসলাম রঞ্জুকে (২৫) মৃত্যুদন্ড দিয়েছে আদালত। পারিবারিক কলহের জেরে ২০২২ সালের ৩০ মার্চ মনিরুল তার দেড় বছরের কন্যাশিশুকে মাটিতে আছড়ে হত্যা করেন।