যশোর বোর্ডে জিপিএ ৫ ও পাসের হার কমেছে

এইচএসসি পরীক্ষায় এবার যশোর বোর্ডে পাসের হার ও জিপিএ ৫-এর হার কমেছে। এ বছর পাসের হার ৬৯ দশমিক ৮৮। আর জিপিএ ৫ পেয়েছে ৮ হাজার ১২২ জন। গত বছর পাসের হার ছিল ৮৩ দশমিক ৯৫ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছিল ১৮ হাজার ৭০৩ শিক্ষার্থী।

গতকাল রবিবার বিকেল ৩টায় যশোর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এবার যশোর বোর্ডের অধীন খুলনা বিভাগের ১০ জেলার ৫৭৫টি কলেজ থেকে ১ লাখ ৯ হাজার ৬৩৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৭৬ হাজার ৬১৬ জন।

গত বছরের তুলনায় এ বছর ফলাফল খারাপ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এবার ইংরেজি ও উচ্চতর গণিতের প্রশ্নপত্র একটু কঠিন হওয়ার কারণে ফল গতবারের চেয়ে খারাপ হয়েছে। এ ছাড়া করোনাকালে সিলেবাস ছিল সংক্ষিপ্ত। এ সময় পাসের হার ছিল বেশি। এ বছর পরীক্ষা হয়েছে পূর্ণাঙ্গ সিলেবাসে। করোনার আগে ২০১৯ সালে পাসের হার ছিল ৭৫, সে তুলনায় এ বছর পাসের হার প্রায় কাছাকাছি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যশোর বোর্ডের আওতাধীন ১০ জেলার মধ্যে এ বছর এইচএসসি পরীক্ষায় সবচেয়ে ভালো ফল করেছে খুলনা জেলা। তারপর রয়েছে যশোরের অবস্থান। এ বছর যশোর বোর্ডে ১০টি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন। ৭টি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল করেছেন।

১০ জেলার মধ্যে পাসের হার খুলনায় ৮০ দশমিক ৪, বাগেরহাটে ৬১ দশমিক ৬১, সাতক্ষীরায় ৬৯ দশমিক ৭৭, কুষ্টিয়ায় ৬৪ দশমিক ৪৪, চুয়াডাঙ্গায় ৬২ দশমিক ০৩, মেহেরপুরে ৬৭ দশমিক ৪১, যশোরে ৭৫ দশমিক ২৮, নড়াইলে ৫৮ দশমিক ৮৩, ঝিনাইদহে ৬৭ দশমিক ৫৮ ও মাগুরায় ৬৬ দশমিক ০৭ শতাংশ।