নারায়ণগঞ্জে ফের গণপিটুনিতে ‘ছিনতাইকারী’ নিহত হয়েছেন। শহরের নিতাইগঞ্জের পর এবার ফতুল্লার দেওভোগে কৃষ্ণা (৩২) নামের এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে দেওভোগ মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। কৃষ্ণা ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার গ্রিরিস চন্দ্র সেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কৃষ্ণা অন্য দুই সহযোগীকে নিয়ে এক পথচারীর কাছ থেকে ছিনতাই করার সময় চিৎকার করলে স্থানীয়রা তাকে ধরে ফেলে। সেই সঙ্গে তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে মারা যান তিনি। এ সময় তার সঙ্গে থাকা দুই সহযোগী পালিয়ে যান।
ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম মিয়া বলেন, কৃষ্ণার নামে ফতুল্লা থানায় আটটি মামলা রয়েছে। তিনি একজন ছিনতাইকারী ও আইনবিরোধী কর্মকা-ের সঙ্গে জড়িত ছিলেন।
অন্যদিকে, নরসিংদীর রায়পুরায় ‘গরুচোর’ সন্দেহে মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আব্দুল মালেক, আলেহা, জহির উদ্দিন ও আনোয়ার হোসেন নামে চারজন আহত হয়েছেন। গতকাল রবিবার ভোরে রায়পুরা পৌরসভার বৈকুণ্ঠপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিজানুর কিশোরগঞ্জের ইটনার লাইমপাশার আবদুল মন্নাফের ছেলে।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়দের ভাষ্য, মিজানুরের পৈতৃক বাড়ি রায়পুরার শ্রীনগর ইউনিয়নের আবদুল্লাহচরে। বর্তমানে তাদের পরিবার কিশোরগঞ্জের ইটনায় থাকেন। কয়েক দিন আগে তিনি রায়পুরার আত্মীয় মনির হোসেনের বাড়ি বেড়াতে যান। সেখানে তার দুটি গরু পছন্দ হলে মিজানুর তা কিনে নেন। রবিবার ভোরে তারা পিকআপযোগে গরু দুটি নিয়ে যাওয়ার সময় পৌরসভার বৈকুণ্ঠপুরে পৌঁছালে গরুচোর সন্দেহে তাদের আটকায় এলাকাবাসী। পরে তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মিজানুর মারা যান।