কনেসহ চারজনকে গুলি করে হত্যার পর বরের আত্মহত্যা

উত্তর-পূর্ব থাইল্যান্ডে বিয়ের দিনে কনে এবং অন্য তিনজনকে গুলি করে হত্যা করেছে একজন থাই প্যারা-অ্যাথলেট এবং প্রাক্তন সৈনিক। পরবর্তীতে সে নিজেও আত্মহত্যা করেছে।

স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে বলে জানা গেছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৫ নভেম্বর) উত্তর-পূর্ব থাইল্যান্ডে ২৯ বছর বয়সী চাতুরং সুকসুক এর সঙ্গে ৪৪ বছর বয়সী কাঞ্চনা পাচুনথুয়েক এর বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। হঠাৎ করেই বিয়ের অনুষ্ঠান ছেড়ে চলে যান চাতুরং এবং একটি বন্দুক নিয়ে ফিরে আসেন। পরবর্তীতে ওই বন্দুক দিয়ে তার স্ত্রী, তার ৬২ বছর বয়সী মা এবং ৩৮ বছর বয়সী বোনকে গুলি করে হত্যা করে।

এ ছাড়া তার এলোপাতাড়ি গুলিতে আহত হয় বিয়ে বাড়িতে আসা দুই অতিথি, যাদের একজন হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

বিবিসিকে পুলিশ জানিয়েছে, চাতুরং সে সময় বেশ নেশাগ্রস্ত ছিল, কিন্তু কি কারণে সে গুলি চালিয়েছে তার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। সে গত বছর বৈধভাবে বন্দুক ও গোলাবারুদ কিনেছিলেন বলে জানায় পুলিশ।

অন্যদিকে থাইল্যান্ডের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পুলিশকে জানিয়েছে যে বিয়ের অনুষ্ঠান চলাকালীন দম্পতির মধ্যে ঝগড়া হয়েছিল। তারা আরও জানায় যে চাতুরং তার এবং কাঞ্চনার মধ্যে বয়সের ব্যবধান সম্পর্কে অনিরাপদ বোধ করছিলেন।

থাইল্যান্ডের গণমাধ্যমে আরও বলা হয় যে বিয়ের আগে চাতুরং এবং কাঞ্চনা তিন বছর একসঙ্গে বসবাস করেছিলেন।

তবে এসব বিষয় এখনও অনুমান ধরে প্রমাণ সংগ্রহ করার কথা জানিয়েছে পুলিশ এবং শীঘ্রই মামলাটি শেষ করার আশা জানিয়েছে।

চাতুরং গত বছর ইন্দোনেশিয়ায় আসিয়ান প্যারা গেমসে সাঁতারে রৌপ্য পদক জিতেছিল। তিনি আগামী মাসে থাইল্যান্ডে বিশ্ব অ্যাবিলিটিস্পোর্ট গেমসে প্রতিদ্বন্দ্বিতাকারী ক্রীড়াবিদদের তালিকায় রয়েছেন বলেও জানা যায়।

থাইল্যান্ডের সীমান্তে টহলরত আধা সামরিক হালকা পদাতিক বাহিনীর সাথে ডিউটি ​​করার সময় তিনি তার ডান পা হারিয়েছিলেন।