এমএলএম ব্যবসা করে কোটি টাকার প্রতারণা— রাবি শিক্ষক বরখাস্ত

মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার মাধ্যমে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ৫২৬তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই শিক্ষকের নাম জুলফিকার আহম্মদ। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক।

বিষয়টি পুনরায় খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এমএলএম ব্যবসায় প্রতারণার অভিযোগে ২০১৩ সালের মে মাসে বিশ্ববিদ্যালয়ের ৪৪৮তম সিন্ডিকেট সভায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। কিন্তু ওই সিদ্ধান্ত কার্যকর করা হয়নি। তিনি নিয়ম বহির্ভূতভাবে দুটি সরকারি প্রতিষ্ঠানে একই সময়ে পূর্ণকালীন চাকরি করেছেন। কয়েকবছর আগে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ওই একই অভিযোগ এনে তার বিরুদ্ধে একটি অভিযোগ দেন। সেই পরিপ্রেক্ষিতে গত সিন্ডিকেট সভায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং পুনরায় খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম বলেন, ‘পূর্বের একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে ৫২৬ তম সিন্ডিকেট সভায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরইমধ্যে তাকে চিঠি ইস্যু করা হয়েছে। এ ছাড়া একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।’