রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী বিনামূল্যে ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামী ৩০ জানুয়ারি। কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে ও বিশ্ববিদ্যালয় মেন্টাল হেলথ ক্লাবের (এমএইচসিআরইউ) সহযোগিতায় এ সেবা দেওয়া হবে। রবিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাকসু কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা হাফছা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। গত বছর, মাত্র দেড় মাসের ব্যবধানে বিশ্ববিদ্যালয়টি দুইজন গুরুত্বপূর্ণ শিক্ষার্থীকে হারিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে, মানসিক স্বাস্থ্য পরিস্থিতি উল্টো দিকে যাচ্ছে ।
সৈয়দা হাফছা বলেন, দেশের জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ অনুযায়ী ১২ শতাংশ প্রাপ্তবয়স্ক ও ৯৪ শতাংশ কিশোর-কিশোরী মানসিক সমস্যার চিকিৎসা থেকে বিরত রয়েছে। এই বাস্তবতায় শিক্ষার্থীদের জন্য ক্যাম্পেইনে ১৭টি হল ও একটি ডরমেটরি মিলিয়ে ১৮টি পয়েন্টে ছয়টি ক্লাস্টারে পরিচালিত হবে।
রাবি মানসিক চিকিৎসা কেন্দ্রের সাধারণ সম্পাদক জানান, আমাদের ২টি বুথ থাকবে। এই বুথগুলোতে শিক্ষার্থীরা বিনামূল্যে বিভিন্ন টেস্টের মাধ্যমে তাদের মানসিক স্বাস্থ্যের অবস্থা জানতে পারবে। যাদের মানসিক অবস্থা খারাপ থাকবে তাদেরকে সাইকো থেরাপি দেওয়ার জন্য আমাদের টিম থাকবে।
তিনি বলেন, আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছেন যারা পরীক্ষার দুশ্চিন্তায় ভুগেন, প্রেজেন্টেশন দিতে ভয় পান। এইসব বিষয়গুলো দূর করার জন্য আমরা কাজ করবো।'
রাকসুর এজিএস সালমান সাব্বির বলেন, ৩০ জানুয়ারি থেকে আমাদের কার্যক্রম শুরু হবে, যেখানে মেয়েদের হল থেকে কাজ শুরু হবে এবং পরে ছেলেদের হলে চিকিৎসা দেওয়া হবে। ক্যাম্পেইনটি দুই ধাপে হবে। প্রথমে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য চেক-আপ এবং পরে একটি মেন্টাল হেলথ ওয়ার্কশপ। শিক্ষার্থীরা এই সুযোগে তাদের মানসিক অবস্থার প্রাথমিক মূল্যায়ন এবং সহায়তা সম্পর্কে আরও জানতে পারবেন।
