‘ট্রেন্ড’ শুরু হয়েছিল অভিনেত্রী রাশমিকা মান্দানার আপত্তিকর ভিডিও দিয়ে। সোশ্যালে ছড়িয়ে পড়েছিল ‘ডিয়ার কমরেড’ খ্যাত অভিনেত্রীর ডিপফেক ভিডিও। অন্য এক মেয়ের ভিডিওতে বসানো হয়েছিল রাশমিকার মুখ। নেটমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছিল সেই ভিডিও। কয়েক দিনের ব্যবধানে ডিপফেক ভিডিওর তোপে পড়েন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং কাজলও। ‘টাইগার ৩’ ছবিতে ক্যাটের স্নানপোশাকের ছবিকে বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয় সমাজমাধ্যমে। অন্য দিকে সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয় এমন একটি ভুয়া ভিডিও, যাতে দেখা যায় ক্যামেরার সামনেই নিজের পোশাক খুলছেন কাজল। এ বার ডিপফেকের শিকার হলেন অভিনেত্রী আলিয়া ভাট।
সম্প্রতি সোশ্যালে ভাইরাল হয়েছে আলিয়ার ডিপফেক ভিডিও। সেই ভিডিওতে একটি খোলামেলা পোশাকে দেখা গেছে তাকে। সেই পোশাক পরে আপত্তিকর অঙ্গভঙ্গি করতে দেখা যায় আলিয়াকে। ভিডিও থেকেই স্পষ্ট, ওই মেয়ে আদৌ আলিয়া নন। তবে আধুনিক প্রযুক্তির কারসাজির সাহায্যে আলিয়ার মুখ বসানো হয়েছে ওই ভিডিওতে। সোশ্যালে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ওই আপত্তিকর ভিডিও। যদিও এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি আলিয়া।
নভেম্বরের শুরুর দিকে সমাজমাধ্যমে নিজের ডিপফেক ভিডিও ভাইরাল হওয়ার পরে মুখ খুলেছিলেন রাশমিকা। অভিনেত্রী জানিয়েছিলেন, নিজের ওই আপত্তিকর ভিডিও দেখে রীতিমতো ভয় পেয়েছেন তিনি। ভিডিয়োর নেপথ্যের অপরাধীকে ধরতে শুরু হয় তদন্তও। তার পরেও রাশ টানা যাচ্ছে না সমাজমাধ্যমের এই নতুন ‘ট্রেন্ড’কে। আধুনিক প্রযুক্তির এমন অপব্যবহার নিয়ে মুখ খুলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।