কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন বর্তমান সংসদ সদস্য (এমপি) সুবিদ আলী ভূঁইয়া ও তার স্ত্রী। এ ছাড়াও আরও দুজন স্বতন্ত্র হিসেবে মনোনয়ন কিনেছেন।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মহিনুল হাসানের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর আগে গতকাল রবিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুরকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়।
মনোনয়ন সংগ্রহকারী চার স্বতন্ত্র প্রার্থী হলেন কুমিল্লা-১ আসনের বর্তমান সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, তার স্ত্রী মাহমুদা ভূঁইয়া ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাইম হাসান এবং মো. ফারুক আখন্দ।
বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মহিনুল হাসান।