‘শিশুদের শিরশ্ছেদ’ নিয়ে বাইডেনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যে বিব্রত হোয়াইট হাউজ

গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতদের বড় একটি অংশই শিশু। জাতিসংঘসহ পুরো বিশ্বের মানবতাবাদী সব মহল ইসরায়েলের এই শিশু হত্যাকে চরম বর্বরতা বলছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের এই বর্বরতা আড়াল করতে নানা বক্তব্যে ‘হামাস ইসরায়েলি শিশুদের শিরশ্ছেদ’ করেছে বলছেন। অথচ হোয়াট হাউজের কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের হাতে সুস্পষ্ট কোনো প্রমাণ নেই। কেবল একটি ইসরায়েলি সংবাদমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হলেও এর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা হয়নি।

তাই যাচাইহীন তথ্যের ভিত্তিতে শিশু হত্যার মতো একটি স্পর্শকাতর বিষয়ে প্রেসিডেন্টকে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে বলেছিলেন হোয়াইট হাউজের কর্মকর্তারা। কিন্তু বাইডেন তাদের কথা শোনেননি, এমনটাই দাবি করেছে সংবাদমাধ্যম আলজাজিরা।

আলজাজিরা জানায়, ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক খবরে বলা হচ্ছে, হামাস যে শিশুদের শিরশ্ছেদ করেছে এমন যাচাইহীন কথা বাইডেন বলে যাচ্ছেন, অথচ তাকে এই মন্তব্য করার আগে সীমাজ্ঞান প্রয়োগের পরামর্শ দিয়েছিলেন হোয়াইট হাউজে বাইডেনের উপদেষ্টারা। তবু মার্কিন প্রেসিডেন্ট এই কথা বলেই যাচ্ছেন।

এ অবস্থায় একটি বিবৃতিতে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি সংবাদমাধ্যমে শিশুদের শিরশ্ছেদের যে তথ্য উঠে এসেছে তা তাদের পক্ষে বা অন্য কোনো নিরপেক্ষ উৎস থেকে যাচাই করা হয়নি।

বাইডেনের বিতর্কিত বক্তব্য এবং এর বিপরীতে হোয়াইট হাউজের বিবৃতিকে নজিরবিহীন বৈপরীত্য হিসেবে দেখছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। আলজাজিরা বলছে, মনে হচ্ছে বাইডেন শিশু হত্যা ইস্যুতে দ্বিধাদ্বন্দ্বে আছেন। এমনকি তিনি গাজায় আসলেই এত শিশু নিহত হয়েছে কিনা তা নিয়েও সন্দেহ করেন। তার মতে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় গাজায় নিহত শিশুদের সংখ্যা বাড়িয়ে বলছে।