ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে মনোনয়নপত্র জমা দিতে হেলিকপ্টারে সোনাগাজীতে এলেন সাবেক এমপি হাজি রহিম উল্যাহ ও তার স্ত্রী পারভিন আক্তার।
আজ সোমবার বিকাল ৩টায় তারা আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর হাজী শামছুল হক উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারে অবতারণ করেন। এসময় বিপুল সমর্থক ও স্থানীয়রা তাদের ফুল দিয়ে বরণ করেন। পরে তারা মিছিল নিয়ে তাদের বাসভবন যান।
জানা গেছে, তারা দুজনই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন। সোমবার সকালে তাদের পক্ষে সহকারী রিটার্নিং অফিসার ও সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের ব্যক্তিগত সহকারী জামশেদ আলম রুবেল ও সাবেক সাংসদের শ্বশুর আবুল খায়ের মাস্টার।
তারা বলেন, বিএনপিসহ ৩৬ দলের সপ্তম দফা ডাকা অবরোধের কারণে তিনি আকাশপথে ঢাকা থেকে হেলিকপ্টারে গ্রামের বাড়িতে এসেছেন। মঙ্গল অথবা বুধবার দুজনেই মনোনয়নপত্র জমা দেবেন।
প্রসঙ্গত, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে হাজী রহিম উল্যাহ স্বতন্ত্র প্রার্থী হয়ে মহাজোট প্রার্থী রিন্টু আনোয়ারকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এবার স্বামী-স্ত্রী দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ভোটের মাঠে নামেন। এ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে রবিবার বায়রার সভাপতি আবুল বাশার ও সোমবার জাতীয় পার্টির বর্তমান এমপি লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে।