ইসরায়েলি আগ্রাসনে পুরো পৃথিবী এমনকি ফিলিস্তিনের পশ্চিম তীর থেকেও টেলিযোগাযোগ বিচ্ছিন্ন আছে গাজা। বিচ্ছিন্ন এ জনপদে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দিতে পারবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক। তবে অবশ্যই এজন্য ইসরায়েলের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নির্দেশনা মেনে।
তেলআবিব সফরে এসে স্টারলিংক নিয়ে ইসরায়েল সরকারের সঙ্গে এই ঐক্যমতে পৌঁছেছেন ইলন মাস্ক। সামাজিকযোগাযোগ মাধ্যম এক্সে এ কথা জানিয়েছেন ইসরায়েল সরকারের যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহি।
এ বিষয়ে রয়টার্স জানিয়েছে, আজ সোমবার ইলন মাস্ক ব্যক্তিগত সফরে ইসরায়েলের রাজধানী তেল আবিবে এসে পৌঁছান। সফরে মাস্ক ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগ এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাত করেন।
এরপরই শ্লোমো কারহি এক্সে বলেন, ‘ ইলন মাস্ক, আমার মন্ত্রণালয়ের সঙ্গে নীতিগতভাবে একমত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এই ঐক্যমতের কারণে ইসরায়েলে স্টারলিংকের স্যাটেলাইট ইউনিটগুলো কেবলমাত্র আমাদের যোগাযোগ মন্ত্রণালয়ের অনুমোদনেই কার্যক্রম পরিচালনা করতে পারবে। এর মধ্যে গাজা উপত্যকায় স্টারলিংকের কার্যক্রমও অন্তর্ভুক্ত।'
হামাসের হামলার অজুহাতে গাজায় ৭ অক্টোবর থেকে ধ্বংসযজ্ঞ শুরু করে ইসরায়েল। এ পরিস্থিতি গাজায় মানবিক সহায়তাকারী আন্তর্জাতিক সংস্থাগুলোকে টেলিযোগাযোগ সহায়তা দিয়ে সেখানে স্টারলিংক সেবা দিতে আগ্রহ প্রকাশ করেন ইলন মাস্ক। সেসময় শ্লোমো হুমকি দিয়েছিলেন, ইসরায়েলকে টপকে মাস্ক এই সিদ্ধান্ত বাস্তবায়ন করলে স্টারলিংকে থাকা ইসরায়েলি অংশীদারিত্ব থেকে সরে আসার কথা ভাববে তার দেশ।