দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার সংসদীয় পাঁচটি আসনের প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। সোমবার সন্ধ্যায় দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু মনোনয়ন প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেন।
জাতীয় পার্টি থেকে গাইবান্ধার পাঁচ আসনে মনোনয়ন প্রাপ্তরা হলেন— গাইবান্ধা ১ (সুন্দরগঞ্জ) আসনে বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার, গাইবান্ধা ২ (সদর) আসনে সাবেক সংসদ সদস্য আব্দুর রশীদ সরকার, গাইবান্ধা ৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে প্রকৌশলী মাইনুল রাব্বি চৌধুরী, গাইবান্ধা ৪ (গোবিন্দগঞ্জ) আসনে কাজী মশিউর রহমান, গাইবান্ধা ৫ (সাঘাটা-ফুলছড়ি) সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার।
জেলা জাতীয় পার্টির নেতারা জানান, গতকাল দলের কেন্দ্র থেকে গাইবান্ধার পাঁচ আসনের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। প্রত্যেক আসনে জাতীয় পার্টি থেকে প্রার্থী দিয়েছে মহাসচিব। নেতারা বলেন, ১৯৮৬ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জাতীয় পার্টি থেকে টানা চারবার (সাঘাটা- ফুলছড়ি) ও (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনগুলো দখলে ছিল। গত উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে হারিয়ে সুন্দরগঞ্জ আসনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। একসময় গাইবান্ধার পাঁচটি আসন জাতীয় পার্টির দুর্গ ছিল। এখানে অন্যান্য দলের কোন্দলে জাতীয় পার্টির ইমেজ বাড়ছে।