কৃত্রিম উপগ্রহ দিয়ে হোয়াইট হাউস-পেন্টাগনের ছবি তুলছে উত্তর কোরিয়া

গত সপ্তাহেই সফলভাবে একটি সামরিক গোয়েন্দা কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের দাবি জানিয়েছিল উত্তর কোরিয়া।

এবার সেই উপগ্রহ দিয়ে মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউস ও দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের তোলা ছবি দেখেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক গতিবিধি পর্যবেক্ষণের বিষয়টি মাথায় রেখে কৃত্রিম উপগ্রহটির নকশা করা হয়েছে।

কেসিএনএ জানিয়েছে, কৃত্রিম উপগ্রহটির সাহায্যে পিয়ংইয়ংয়ের প্রধান প্রধান লক্ষ্যবস্তু অঞ্চলের ছবি তোলা এবং পাঠানো হচ্ছে। এসব লক্ষ্যবস্তু অঞ্চলের মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। আরও আছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি।

কেসিএনএর প্রতিবেদনে আরও বলা হয়, কৃত্রিম উপগ্রহের পাঠানো যুক্তরাষ্ট্রের পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়ামের অ্যান্ডারসেন বিমানঘাঁটির স্যাটেলাইট ছবি দেখেছেন কিম জং-উন। এছাড়া নরফোক ও নিউপোর্টের মার্কিন শিপইয়ার্ড, বিমানঘাঁটির স্যাটেলাইট ছবিও দেখেছেন তিনি।

সেখানে মোট চারটি পারমাণবিক-চালিত বিমানবাহী মার্কিন রণতরি দেখা গেছে। এ ছাড়া যুক্তরাজ্যের একটি বিমানবাহী রণতরিও ছবিতে দেখা গেছে।

যদিও উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা কৃত্রিম উপগ্রহটির সক্ষমতা যাচাই নিয়ে প্রশ্ন তুলেছেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। কারণ, উত্তর কোরিয়া এখনো কোনো ছবি প্রকাশ করেনি।

গত সপ্তাহে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে উত্তর কোরিয়া ‘মালিগিয়ং-১’ নামের কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করে। উত্তর কোরিয়ার এই উৎক্ষেপণটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের পরিপন্থী।

চলতি বছর উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের দুটি প্রচেষ্টা ব্যর্থ হয়। তবে তৃতীয়বার সফল হওয়ার কথা জানায় দেশটি।