পরমব্রত-পিয়ার বিয়ে ঘিরে ট্রল, ‘বউ চোর’ বলে কটাক্ষ 

টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর পরমব্রতর বিয়ের খবর সামনে আসতেই শোরগোল পড়ে যায় টলিউডে। সোমবার সকাল থেকেই সেই উত্তেজনা ছিল একেবারে তুঙ্গে। গত ২ বছর ধরে মানসিক স্বাস্থ্যকর্মী-সমাজ কর্মী পিয়া চক্রবর্তীর সঙ্গে গোপনে ডেট করছিলেন অভিনেতা। যদিও পিয়ার আরও একটি পুরনো পরিচয়ও রয়েছে। তিনি হলেন জনপ্রিয় গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী।

সোমবার বিয়ের খবর সামনে আসার পর থেকেই সোশ্যালে নেটিজেনদের একাংশ তীব্রভাবে সমালোচনায় সামিল হয়েছেন। পরম ও পিয়া দুজনকেই নেটিজেনদের একাংশ সোজাসুজি পরমব্রতকে ‘বউ চোর’ আখ্যা দিয়ে দেন। 

সোশ্যালে ছড়িয়ে পড়তে শুরু করে একের পর এক মিম। কখনও ‘বাইশে শ্রাবণ’, কখনও’ দ্বিতীয় পুরুষ’ ছবি ও সংলাপের ব্যবহার। কখনও আবার অনুপম, পরমব্রত ও পিয়ার ছবির সঙ্গে মিশিয়ে দেওয়া হল ‘প্রাক্তন’ ছবির ‘তুমি অন্য কারও সঙ্গে বেঁধো ঘর!’ গানটি। যার সুর দিয়েছিলেন অনুপম রায়। পরমব্রত ও পিয়ার বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর এই ট্রল রীতিমতো বাড়তে শুরু করে। 

পরম-পিয়ার বিয়ের ছবিতে সমালোচনার ঝড় বয়ে যায়। কেউ কেউ অভিনেতাকে পরশ্রীহরণতা আবার কেউ বা অন্যের বউকে তুলে নিয়ে যাওয়ার মতো খারাপ মন্তব্য করতে শুরু করেন। শেয়ার হতে থাকল, অনুপম ও পরমব্রতর বন্ধুত্ব নিয়ে নানা পোস্ট। নেটিজেনরা বন্ধুর বউ চুরির অপবাদও দিলেন পরমব্রতকে। তবে শুধু পরমব্রতই নয়,  ট্রলের শিকার হয়েছেন পিয়াও। পরমব্রতর স্ত্রী হওয়ার পরও অনুপমের প্রাক্তন তকমা থেকে রেহাই মেলেনি পিয়ার। এমনকী কেউ কেউ তাকে এটাও জিজ্ঞাসা করেছেন যে একই জীবনে পরম ও অনুপমকে তিনি কেমন করে পেলেন।