ছোট পর্দায় ফিরলেন পরমব্রত

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পিএম

নানা জল্পনার ইতি টেনে ছোটপর্দায় ফিরছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’-এর হাত ধরেই তিনি আবার পৌঁছে যাবেন বাঙালির প্রতিদিনের সন্ধ্যার আড্ডাঘরে। আজ (সোমবার,১৩ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এই নতুন সিরিয়ালের সম্প্রচার, আর সেই সূত্রেই টেলিভিশনে তার প্রত্যাবর্তন এখন অন্যতম আলোচনার বিষয়। 

এই ধারাবাহিকে প্রথমবার দেবাদৃতা বসুর সঙ্গে জুটি বাঁধছেন পরমব্রত। অনেকদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে তার ছোটপর্দায় ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সেই জল্পনায় সিলমোহর পড়েছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘কমলা নিবাস’-এ তার চরিত্রের লুক, যা ঘিরে দর্শকমহলে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। এখানে একটি সংস্থার উচ্চপদস্থ আধিকারিক সাগর বসু মল্লিকের ভূমিকায় দেখা যাবে তাকে। 

অন্যদিকে দেবাদৃতা বসুও টেলিভিশনের পরিচিত ও জনপ্রিয় মুখ, যাঁকে শেষবার দেখা গিয়েছিল ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে। চ্যানেলের তরফে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতেই নিজের কামব্যাকের কথা নিশ্চিত করেছেন পরমব্রত। সিনেমা এবং ওয়েব সিরিজের ব্যস্ততার মাঝেও কেন হঠাৎ এই প্রত্যাবর্তন? সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি। তার কথায়, ধারাবাহিকে কাজ করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত থাকলেও ‘কমলা নিবাস’-এর গল্প তাঁকে আলাদা করে আকর্ষণ করেছে। প্রচলিত ধারার বাইরে গিয়ে এই গল্পের নির্মাণ, ভাবনা এবং উপস্থাপন তাকে টেনেছে। 

আরও একটি বড় কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন সহ-অভিনেতা সোহিনী সেনগুপ্ত ও দেবশঙ্কর হালদারের সঙ্গে কাজ করার সুযোগ। এই দুই অভিজ্ঞ শিল্পীর প্রতি তার গভীর শ্রদ্ধার কথা জানিয়ে পরমব্রত বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন চরিত্রে তাদের অভিনয় তাঁকে মুগ্ধ করেছে, আর সেই সম্মানই তাকে এই প্রজেক্টে যুক্ত হতে অনুপ্রাণিত করেছে। উল্লেখযোগ্যভাবে, ধারাবাহিকটির মুখ্য চরিত্রে রয়েছেন দেবশঙ্কর হালদার ও সোহিনী সেনগুপ্ত—যার ফলে প্রথম ঝলক প্রকাশের পর থেকেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। 

গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে শ্রীনিবাস গুহ ও তাঁর স্ত্রী কমলা। মধ্যবিত্ত জীবনের টানাপোড়েনের মাঝে দিন কাটানো শ্রীনিবাস বুঝতেই পারেননি কখন বয়স বেড়ে গিয়েছে, কিংবা বাজারদর কবে নাগালের বাইরে চলে গেছে। জীবনের শেষ প্রান্তে এসে তাঁর একটাই স্বপ্ন—স্ত্রীর জন্য নিজের একটি বাড়ি তৈরি করা। এই চরিত্রে অভিনয় করছেন দেবশঙ্কর হালদার। অন্যদিকে কমলা—এক সাধারণ গৃহবধূ, যার সমস্ত চিন্তা পরিবারকে ঘিরে। মন্দিরে পুজো দিতে গিয়ে পুরোহিতের হাতে তিন মেয়ের কুষ্ঠী তুলে দিয়ে তাঁর একটাই ইচ্ছা—মেয়েদের ভালো ঘরে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হওয়া। এই চরিত্রে রয়েছেন সোহিনী সেনগুপ্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত