পিকনিকের চাঁদা তুলতে না দেওয়ায় অধ্যক্ষকে লাঞ্ছিত করল ছাত্রলীগ

পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে সাধারণ শিক্ষার্থীদের থেকে জোর করে চাঁদার টাকা তুলতে না দেওয়ায় মেহেরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান আব্দুল্লাহ আল আমিন ধুমকেতুকে লাঞ্ছিত করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান মাহমুদ অনিকের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল কলেজের প্রশাসনিক ভবনে ঢুকে ভাঙচুর করে। এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান আব্দুল্লাহ আল আমিন ধুমকেতুকে লাঞ্ছিত করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু বলেন, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, যুগ্ম সম্পাদক ইমরান মাহমুদ অনিক ও  প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. রাশেদ আলী কলেজের নামে রশিদ ছাপিয়ে শিক্ষার্থীদের থেকে জোর করে পিকনিকের নামে চাঁদা তুলছিল। এমন অভিযোগ পেয়ে ছাত্রলীগের কিছু নেতাকর্মীর হাত থেকে কলেজের নামে ছাপানো রশিদ বই কেড়ে নেওয়া হয় এবং কলেজে পিকনিকের নামে শিক্ষার্থীদেও কাছ থেকে চাঁদার টাকা তুলতে নিষেধ করা হয়। এর কিছুক্ষণ পর কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমরান মাহমুদ অনিকের নেতৃত্বে আরও ৩/৪ জন ছাত্র কলেজের প্রশাসনিক ভবনের ভেতরে ঢুকে অফিসের চেয়ার ভাঙচুর করে ও আমাকে লাঞ্ছিত ও হেনস্তা করে।

এ বিষয়ে মেহেরপুর সরকারি কলেজে ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহম্মেদ বলেন, পিকনিকের জন্য টাকা তোলা হচ্ছে। এটা দোষের কি? এই বিষয়টা নিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ধুমকেতু স্যার বাড়াবাড়ি না করে আমাকে ফোন করতে পারতো। তাহলে কিছুই ঘটতো না।