মেহেরপুরের গাঁড়াডোব এলাকায় অভিযান চালিয়ে জেলার শীর্ষ অনলাইন জুয়াড়ি আল সাহাবকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার হেফাজত থেকে একটি স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আল সাহাব গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের পুকুরপাড়া এলাকার আবু তালেবের ছেলে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে চারটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তার বিরুদ্ধে গাংনী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা রয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটকের সময় আল সাহাবের মোবাইল ফোন তল্লাশি করে অনলাইন জুয়ার চ্যানেলে লেনদেনসহ মালয়েশিয়ান মুদ্রায় অবৈধ ই-ট্রানজেকশনের তথ্য পাওয়া যায়। এছাড়া তার মুঠোফোনে থাকা চারটি ই-মেইলে ১৩টি অনলাইন জুয়ার আইডির তথ্য পাওয়া গেছে।
ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, দুই দিন আগে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী থানা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলা ও পরিচালনার অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মেহেরপুর সদর ও গাংনী থানায় সাইবার সুরক্ষা আইন ২০২৬ অনুযায়ী পৃথক মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, ওই মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাঁড়াডোব এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ অনলাইন জুয়াড়ি আল সাহাবকে আটক করা হয়। জেলায় অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে মেহেরপুর ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ ও পাকিস্তানের মুদ্রার তুলনায় টালমাটাল ভারতীয় রুপি