যুদ্ধবিরতির মধ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে হামলা, অভিযান বন্ধের চুক্তি হয়েছিল ইসরায়েল ও হামাসের মধ্যে। তবে যুদ্ধবিরতির শুরু থেকেই অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী প্রতিদিনই প্রাণঘাতী অভিযান চালাচ্ছে।
এবার পশ্চিম তীরের পাশাপাশি জেনিনে ও বড় ধরনের অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী বলে জানিয়েছে বার্তাসংস্থা আল জাজিরা।
ওয়াফা নিউজ এজেন্সি বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানায় যে, ইসরায়েলি বাহিনী জেনিনের শরণার্থী শিবিরসহ জেনিনের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়েছে। এতে অন্তত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এমনকি ইসরায়েলি সেনাবাহিনী জেনিনের একটি হাসপাতাল ঘেরাও করে রেখেছে এবং মেডিকেল টিমের কাজকে বাধা দিচ্ছে বলে জানা গেছে।
আল জাজিরা জানায় যে, প্রত্যক্ষদর্শীরা কিছুক্ষণ পর পর বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছেন বলে জানিয়েছেন। এমনকি ড্রোন দিয়েও অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা।
মোট তিনটি ভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। জেনিনের ঠিক বাইরে একটি গ্রামে, জেনিন শরণার্থী শিবিরে এবং জেনিন শহরেও। জেনিনের বিরুদ্ধে বৃহত্তর অভিযানগুলির মধ্যে এটি একটি বলে অনুমান জানিয়েছে আল জাজিরা।
এছাড়া অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকা লক্ষ্য করে বহুমুখী অভিযানের অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী নাবলুসের আল-আসকার শরণার্থী শিবিরেও হামলা চালায় বলে জানা গেছে।