নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র জমা

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী ইব্রাহিম ও সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান। এ সময় নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুসহ দলের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র জমা দিতে আসলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল দেখা দেবে। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে বলে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন উপজেলা আওয়ামী লীগ নেতারা।