উইকেট বেশ ব্যাটিং–সহায়ক ছিল কাল। তবে আজ বাংলাদেশি স্পিনারদের ঘূর্ণিতে হাঁসফাস করছিলেন কিউই ব্যাটসম্যানরা। তবে পিচের এমন পরিবর্তন প্রত্যাশিতই ছিল বলে মনে করেন নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন। সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৪৪ রানে পিছিয়ে থাকা নিউজিল্যান্ডের এখন পর্যন্ত ব্যাটিংয়ে সবচেয়ে উজ্জ্বল দিক ছিলেন দারুণ এক শতক করা উইলিয়ামসনই।
তিনি বাংলাদেশ স্পিনারদের দারুণ প্রশংসা করে বলেছেন, ‘তারা সিলেটের মতো কন্ডিশনে খেলতে অনেক শিক্ষা দিয়েছেন আমাদের।’
টানা চারটি টেস্টে শতক করা উইলিয়ামসন মনে করেন, ‘পিচ কিছুটা বদলেছে। আমরা সেটি প্রত্যাশা করছিলাম। আমাদের ব্যাটিং ও বোলিংয়ে মানিয়ে নিতে হবে। (আগামীকাল) সকালে কাজ বাকি, এরপর বল হাতে পাব।’
তিনজন বিশেষজ্ঞ স্পিনার—তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানের সঙ্গে আজ মুমিনুল হককেও বোলিংয়ে আনেন অধিনায়ক নাজমুল হোসেন। গ্লেন ফিলিপসকে ফিরিয়ে উইলিয়ামসনের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি ভাঙেন মুমিনুলই।
বাংলাদেশের স্পিনারদের প্রসঙ্গে উইলিয়ামসন বলেছেন, ‘তারা এমন কন্ডিশনের সঙ্গে খুবই পরিচিত। তারা খুবই নিখুঁত। সবারই ধরন আলাদা। তারা আজ অসাধারণ ছিল। অনেক হুমকি তৈরি করেছে। বিশ্বের এ প্রান্তে কীভাবে খেলতে হয়, সে ব্যাপারে অনেক শিক্ষা দিয়েছে।’