নোয়াখালী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী এইচ এম ইব্রাহিমের মনোনয়নপত্র জমা নেওয়ার সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুল হক ভূঁইয়ার বিজয়সূচক চিহ্ন দেখানোর একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নির্বাচনের দায়িত্বে থাকা একজন কর্মকর্তার এমন অতি উৎসাহী আচরণের সমালোচনা করছেন অনেকে।
আজ বুধবার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম দলীয় নেতাদের নিয়ে মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার হাতে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা বাঁ হাতে সেই মনোনয়নপত্র গ্রহণ করছেন। আর ডান হাতের দুই আঙুলে প্রার্থীর দিকে বিজয়সূচক চিহ্ন দেখাচ্ছেন।
জানতে চাইলে ইউএনও ইমরানুল হক ভূঁইয়া বলেন, মনোনয়নপত্র জমা নেওয়ার সময় সম্ভবত সামনে যিনি ক্যামেরা দিয়ে ছবি তুলছিলেন তাকে নির্দেশনা দিচ্ছিলেন। এ জন্য এমন দেখা যাচ্ছে।
তিনি বলেন, ‘আমি সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে অতটা বেয়াক্কেল না যে ওই রকম কাজ করব। এটা একটা সামান্য বিষয়। এটা অত্যন্ত অবিবেচনাপূর্ণ কথাবার্তা।’
এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান গণমাধ্যমে বলেন, ‘এ রকম দেখানোর কথা নয়। তিনি দায়িত্বশীল কর্মকর্তা। ১০ বছর ধরে চাকরি করছেন। তারা অনেক সচেতন। তাদের এসব বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া আছে। তারপরও বিষয়টি তিনি দেখবেন।’