গড়াই নদীর অব্যাহত ভাঙনে হুমকির মুখে পড়েছে কুষ্টিয়ার খোকসার ওসমানপুর ইউনিয়নের হিজলাবট দ্বীপচর আবাসন প্রকল্পের শতাধিক পরিবার। ইতিমধ্যে প্রায় ৭০টি ভূমিহীন পরিবার গৃহহারা হয়েছে। নদীতে বিলীন হয়ে গেছে প্রায় ৪০ বিঘা আবাদি জমি। চলতি শুষ্ক মৌসুমে নদীর পানি কমতে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় নদী ভাঙন শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে ওই এলাকার প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। এতে ভূমিহীনদের নামে বরাদ্দ করা প্রায় ৪০ বিঘা জমির ফসলসহ নদীতে বিলীন হয়ে গেছে। ভূমিহীনদের নামে বরাদ্দ দেওয়া ফসলি জমিতে আবাদি কলা, চৈতালি ফসলসহ বিভিন্ন জাতের ফসল ভাঙনের মুখে পড়েছে। এতে মহাদুশ্চিন্তায় পড়েছেন ভূমিহীনরা। ভাঙনের কবলে পড়া জমি থেকে অপরিপক্ব কলাগাছ কেটে নিচ্ছেন অনেকে।
ভাঙনকবলিত এলাকার লোকজন দেশ রূপান্তরকে জানান, ২০০০ সালে হিজলাবট আদর্শগ্রামে ১০০ পরিবারের জন্য একটি করে ঘর ও সাড়ে বাইশ কাঠা করে আবাদি জমি বরাদ্দ দেয় তখনকার সরকার। সেই ঘরগুলো আরও অনেক আগেই নদীতে বিলীন হয়ে গেছে। নতুন করে ভাঙন সৃষ্টি হওয়ায় আবাদি জমি নদীতে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সেই সঙ্গে ওসমানপুর ইউনিয়নের দ্বীপচর আবাসন প্রকল্প-১-এর ১০০টি পরিবারও পড়বে হুমকির মুখে।
এদিকে সম্প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। ওই সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার বলেছেন, ‘আবাসন প্রকল্প থেকে খানিকটা দূরে যেখানে ভূমিহীনদের জন্য বরাদ্দ করা আবাদি জমি রয়েছে, সেখানে ভাঙনের সৃষ্টি হয়েছে। আমরা বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাশিদুর রহমান বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি এখনো ভালোভাবে অবগত নই। তবে আমাদের অফিসের এসডি ওই এলাকায় গেছেন, তিনি ফিরে এলে বিষয়টি জেনে ব্যবস্থা নেওয়া হবে।’