রাজবাড়ী হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকা যাবে আরও দুই ট্রেন

রাজবাড়ী হয়ে পদ্মা সেতু দিয়ে ইতিমধ্যে ঢাকায় আসছে দুটি ট্রেন। সব ঠিক থাকলে আগামী ১ ডিসেম্বর থেকে এই পথে ঢাকা যাবে আরও দুটি ট্রেন। তাহলে রাজবাড়ীর যাত্রীরা মোট চারটি ট্রেনে ঢাকায় যাতায়াতের সুযোগ পাবেন। নতুন ট্রেন দুটির একটি হলো, খুলনা থেকে ছেড়ে আসা নকশীকাঁথা মেইল এবং অন্যটি রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস।

রেলওয়ে সূত্রে জানা যায়, নতুন প্রস্তাবনা অনুযায়ী বর্তমানে রাজশাহী থেকে আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস নামের যে ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত চলাচল করত, সেটি রুট বর্ধিত হয়ে ঢাকা পর্যন্ত চলাচল করবে। আর খুলনা থেকে রাজবাড়ী হয়ে গোয়ালন্দ ঘাট পর্যন্ত চলাচল করা নকশীকাঁথা মেইল ট্রেনটি রাজবাড়ীর পাঁচুরিয়া জংশন থেকে রুট পরিবর্তন করে ঢাকায় চলাচল করবে।

গত ১৫ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে রেলওয়ের রাজশাহী পশ্চিমাঞ্চলের সহকারী অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আবদুল আওয়ালের পাঠানো এক চিঠিতে এমন প্রস্তাবনা পেশ করা হয়। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে সকাল ৬টা ৪০ মিনিটে ছেড়ে আসবে। ঢাকা পৌঁছাবে দুপুর ২টায়। ঢাকা থেকে আবার দুপুর ৩টায় ছেড়ে রাজশাহী পৌঁছাবে রাত ১০টা ৪০ মিনিটে। ট্রেনটির যাত্রা বিরতি থাকবে ঈশ^রদী জংশন, পাকশী, ভেড়ামারা, মিরপুর, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা, কালুখালী জংশন, রাজবাড়ী, পাঁচুরিয়া জংশন, আমিরাবাদ, ফরিদপুর, তালমা, পুকুরিয়া, ভাঙ্গা, শিবচর, পদ্মা ও মাওয়া স্টেশনে। অপরদিকে নকশীকাঁথা মেইল ট্রেনটির প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী খুলনা থেকে রাত সাড়ে ১১টায় ছেড়ে ঢাকা পৌঁছাবে পরদিন সকাল ১০টা ১০ মিনিটে। ঢাকা থেকে সকাল ১১টা ৪০ মিনিটে ছেড়ে খুলনা পৌঁছাবে রাত ১০টা ১০ মিনিটে। ট্রেনটি যাত্রাপথে সব স্টেশনেই থামে। তবে যাত্রীসেবার মান উন্নতির কথা বিবেচনায় রেখে যশোর ক্যান্টনমেন্ট, মোমিনপুর, জগতি, চড়াইকোল ও সূর্যনগর স্টেশনের যাত্রাবিরতি প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের রাজবাড়ী ট্রাফিক পরিদর্শক (পরিবহন ও বাণিজ্যিক) শফিকুর রহমান বলেন, ‘১ ডিসেম্বর থেকে ট্রেন চলাচলের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এতে করে যাত্রীসেবার মান আরও বৃদ্ধি পাবে। কার্যক্রম গতিশীল হবে।’

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) মো. আহসানউল্লাহ ভুঁইয়া বলেন, পদ্মা সেতু দিয়ে আরও দুটি ট্রেন চলাচলের জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছিল। সেটি কার্যকর হয়েছে। এখন থেকে পদ্মা সেতু হয়ে আরও দুটি ট্রেন চলাচল করবে।’