জাতীয় সংসদ নির্বাচনে কোন দলের হয়ে লড়ছেন হিরো আলম

বাংলাদেশ জনদলের (বিজেডি) প্রার্থী হয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোটের ছয় দলের অন্যতম বিজেডি। বুধবার দুপুরে ইসলামিক জোটের একক প্রার্থী হিসেবে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে হিরো আলমের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার সহকারী সুজন রহমান শুভ।

সুজন রহমান শুভ জানান, হিরো আলম দুবাই থেকে ফিরেছেন। বৃহস্পতিবার বগুড়ায় নিজেই মনোনয়ন ফরম জমা দেবেন। দলটির প্রতীক একতারা হওয়ায় হিরো আলম বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকেই নির্বাচন করবেন করবেন।

লিবারেল ইসলামিক জোটের ছয় দলের মধ্যে বিএসপি ছাড়া অন্য কোনো দলের নিবন্ধন নেই। বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ২০২৩ সালের ১০ আগস্ট নির্বাচন কমিশনের কাছ থেকে নিবন্ধন লাভ করে। সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারি বিএসপির প্রতিষ্ঠাতা। দলটির নির্বাচনী প্রতীক একতারা।