টানা ৬ দিন ডেঙ্গু রোগী হাজারের নিচে

দেশে ডেঙ্গু রোগী কমে হাজারের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৯৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে টানা গত ছয় দিন দৈনিক রোগীর সংখ্যা হাজারের নিচে রয়েছে। এর আগে এই মাসে প্রথম রোগী হাজারের নিচে নামে গত ১৭ নভেম্বর। সেদিন শনাক্ত হয় ৯৫৬ জন ও পরের দিন ভর্তি হয় ৯১৪ জন। পরের পাঁচ দিন দৈনিক রোগীর সংখ্যা ছিল হাজারের ওপরে, সর্বোচ্চ ১ হাজার ২৯১ ও সর্বনিম্ন ১ হাজার ৮৪ জন। এরপর গত ২৪ নভেম্বর রোগীর সংখ্যা কমে ৬৪৫ জনে নেমে আসে। সেই থেকে ভর্তি রোগীর সংখ্যা হাজারের নিচেই রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি হয় ৭৭৫ ও ঢাকায় ১৯৩ জন। অর্থাৎ দৈনিক রোগীর ৮০ শতাংশই ভর্তি হয়েছে ঢাকার বাইরে ও ঢাকায় ২০ শতাংশ। এ নিয়ে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ১১ হাজার ১৪ জন। তাদের মধ্যে ঢাকায় রোগীর সংখ্যা ১ লাখ ৭ হাজার ৬৯২ ও ঢাকার বাইরে ২ লাখ ৩ হাজার ৩২২ জন। অর্থাৎ দেশের হাসপাতালগুলোতে ভর্তি মোট রোগীর ৬৫ শতাংশই ঢাকার বাইরের। ঢাকায় ভর্তি হয়েছে ৩৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় মারা গেছে তিনজন ও ঢাকার বাইরে দুজন। এ নিয়ে এই বছর ডেঙ্গুতে মারা গেল ১ হাজার ৬১৫ জন। তাদের মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ৯৩৪ ও ঢাকার বাইরে ৬৮১ জনের।