গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরও একদিন বাড়ল

গাজায় যুদ্ধবিরতি আরও একদিন বাড়াতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

এছাড়া ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ‘ফিলিস্তিনি ও ইসরায়েলি পক্ষ কাতারের যৌথ মধ্যস্থতার গাজা উপত্যকায় মানবিক যুদ্ধবিরতি আরও এক দিনের জন্য বাড়ানোর একটি চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তি গাজাতে মানবিক সাহায্যের প্রবেশে সহায়তা করবে।‘

এদিকে এদিকে হামাসের পক্ষ থেকেও এক বিবৃতিতে জানানো হয়, সপ্তম দিনের মতো যুদ্ধবিরতি বাড়াতে একটি চুক্তি হয়েছে।

এর আগে গত শুক্রবার থেকে গাজায় হামাস–ইসরায়েল যুদ্ধবিরতি শুরু হয়। এ যুদ্ধবিরতির আওতায় গতকাল বুধবারও ১০ ইসরায়েলিসহ ১৬ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিপরীতে ৩০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।