রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন ভবনে রূপালী ব্যাংক লিমিটেডের ২৩তম আগারগাঁও উপশাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ নভেম্বর, ২০২৩) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখাটির উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম।
এ সময় তিনি বলেন, গ্রাহকসেবার মান বাড়ায় সরকারি ব্যাংকের প্রতি মানুষের আস্থা বাড়ছে। তিনি ইসলামি ব্যাংকিং সেবা আরও বাড়ানোর জন্য রূপালী ব্যাংকের প্রতি আহ্বান জানান।
এতে বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। চেয়ারম্যান বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও অর্জিত আর্থিক সাফল্য ধরে রাখবে রূপালী ব্যাংক। ডিসেম্বর শেষে মুনাফার হিসাবেও তা প্রতিফলিত হবে বলেও জানান তিনি। গত কয়েক বছরের বৈশ্বিক মন্দার মধ্যেও আর্থিক সূচকে এগিয়েছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, এ উপশাখার মাধ্যমে আমানত সংগ্রহ, গৃহ নির্মাণ ও ক্ষুদ্রঋণ বিতরণসহ সব ব্যাংকিং সেবা দেওয়া হবে। এ সময় তিনি বলেন, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ ও রূপালী ব্যাংক দুটি প্রতিষ্ঠানই জাতির পিতার নিজ হাতে গড়া প্রতিষ্ঠান। তাই এই প্রতিষ্ঠানের আঙিনায় রূপালী ব্যাংকের একটি শাখা খুলতে পেরে আমরা আনন্দিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের ফার্স্ট সেক্রেটারি মো. ঈদতাজুল ইসলাম, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ড. মো. মোফাক্খারুল ইকবাল ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সচিব মো. আশরাফুল মমিন খান এবং পরিচালক ইসলামিক ফাউন্ডেশন ও বঙ্গবন্ধু পরিষদ ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি মহিউদ্দিন মজুমদার।
এ সময় ব্যাংকের ডিএমডি হাছান তানভীর, জিএম মো. হারুনুর রশীদ, সালামুন নেছা, ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের জিএম মো. নোমান মিয়া, ইসলামিক ফাউন্ডেশন ও ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।