হোস্টেলে আগুন লেগে নিহত ১৩, প্রাণে বাঁচলেন ৫৯ জন

কাজাখস্তানের বৃহত্তম শহর আলমাতির একটি হোস্টেলে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে শহরের জরুরি সেবা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোরে ওই তিনতলা ভবনে আগুন লাগে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে নয়জন কাজাখস্তানের নাগরিক। বাকিদের মধ্যে দুজন রাশিয়ার, দুজন উজবেকিস্তানের নাগরিক বলে নিশ্চিত করেছে আলমাতি পুলিশ।

এদিন হোস্টেলে ৭২ জন অতিথি ছিলেন। এর মধ্যে ১৩ জন মারা গেলেও বাকি ৫৯ জন পালিয়ে যেতে সমর্থ হন।

অপরদিকে ভারতের এক শিক্ষার্থীসহ চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। যদিও হোস্টেলে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়।