ডিএমপি ক্রাইম রিপোর্টার্স অ্যাওয়ার্ড-২০২৩ আবেদনের আহ্বান

ক্রাইম রিপোর্টার্সদের পেশাগত সাফল্য মূল্যায়ন ও পেশার প্রতি নিষ্ঠাকে উজ্জীবিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ‘ডিএমপি ক্রাইম রিপোর্টার্স অ্যাওয়ার্ড-২০২৩’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় দৈনিক পত্রিকা, টেলিভিশন চ্যানেল ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকরা এ অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারবেন।

ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশ ও সংবাদকর্মীরা একে অপরের পরিপূরক হিসেবে দেশের কল্যাণে পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্ব মনোভাব নিয়ে কাজ করে থাকেন। আর তাই ডিএমপি ক্রাইম রিপোর্টারদেরকে পেশাগত কাজের স্বীকৃতিদানের লক্ষ্যে ৪টি ক্যাটাগরিতে-বেস্ট ক্রাইম রিপোর্টার হিসেবে প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মিডিয়া এবং বেস্ট নারী ক্রাইম রিপোর্টার অ্যাওয়ার্ড প্রদান করবে। এখানে মনোনীত সেরা ক্রাইম রিপোর্টার্সদের সার্টিফিকেট, ক্রেস্ট ও আর্থিক সম্মাননা প্রদান করা হবে।

তিনি আরও জানান, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত ও প্রচারিত রিপোর্টে ডিএমপির বিভিন্ন অর্জন, সাফল্য, অভিযান এবং জনসেবার প্রতিফলন নিয়ে অনুসন্ধানমূলক, ব্যাখ্যামূলক বা বিশ্লেষনধর্মী প্রতিবেদনকারী ক্রাইম রিপোর্টার্সদের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

আবেদনের নিয়মাবলি সম্পর্কে তিনি জানান, প্রতিবেদনটি ডিএমপি আওতাধীন এলাকার অপরাধ বিষয়ক প্রতিবেদন হতে হবে। প্রতিবেদন কুরিয়ার, ই-মেইল অথবা সরাসরি ডিএমপি মিডিয়া সেন্টার জমা দিতে পারবেন। জমা দেওয়ার সময় অবশ্যই খামের উপর অথবা ই-মেইলের সাবজেক্টে কাঙ্খিত ক্যাটাগরির নাম উল্লেখ করতে হবে। একজন প্রতিবেদক শুধু একটি ক্যাটাগরিতে প্রতিবেদন জমা দিতে পারবেন। তবে সিরিজ প্রতিবেদন হলে একাধিক প্রতিবেদন জমা দেওয়া যাবে। প্রতিবেদনটি ২০২৩ সালের ১ জানুয়ারী থেকে ৩০ নভেম্বর মধ্যে প্রকাশিত বা প্রচারিত হতে হবে। 

প্রতিবেদনের সঙ্গে অবশ্যই বাংলা ও ইংরেজিতে প্রতিবেদকের নাম, ই-মেইল, মোবাইল নম্বর এবং বর্তমান কর্মস্থলের ঠিকানাসহ এক কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে। প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান বা দায়িতপ্রাপ্ত ব্যক্তির প্রত্যয়নপত্রও জমা দিতে হবে। প্রতিটি প্রতিবেদনের ক্ষেত্রে পত্রিকা ও অনলাইন পোর্টালের প্রতিবেদনের ৫ সেট প্রিন্ট বা স্ক্যান কপি ও অনলাইন লিংক এবং টেলিভিশনের ক্ষেত্রে ৫ সেট স্ক্রিপ্ট, সিডি কপি বা পেনড্রাইভ ও নিউজ লিংক জমা দিতে হবে।

এ কর্মকর্তা আরও জানান, এ অ্যাওয়ার্ডে মনোনীত হতে আগ্রহী সাংবাদিকদের কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা বরাবরে আবেদনকৃত প্রতিবেদন আগামী ৭ ডিসেম্বর তারিখের মধ্যে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে সরাসরি, কুরিয়ার বা ই-মেইলে প্রেরণ করতে হবে।