জয়পুরহাটের কালাইয়ে সৈয়দ আলী আকন্দ (৭৫) নামের এক বৃদ্ধকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে কালাই উপজেলার পুনট ইউনিয়নের শিকটা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত সৈয়দ আলী আকন্দ ওই গ্রামের মৃত মোতরাজ আলীর ছেলে। নিহতের স্বজন, এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, সৈয়দ আলী আকন্দ গতরাতে এশার নামাজ পড়ে খেয়ে ঘুমিয়ে পরেন। ফজরের নামাজের সময় বড় ছেলে তৈয়ব আলী এসে দেখেন তার বাবা রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছেন। সে সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত সৈয়দ আলী আকন্দের স্ত্রী প্রায় ১৫ বছর আগে মারা যান, এ কারণে ওই বাড়িতে তিনি একাই থাকতেন।
কালাই থানার ওসি ওয়াসীম আল বারী বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর এই হত্যাকাণ্ডের বিস্তারিত জানা যাবে।