দ্বিতীয় বায়োপিকে মাত করলেন ভিকি

ভারতীয় সেনায় চার দশকের কর্মজীবন। পাঁচটি যুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা। ব্যক্তিজীবনের একাধিক আঙ্গিক। সব মিলিয়ে দেশের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশর জীবনকে আড়াই ঘণ্টার মধ্যে পর্দায় তুলে ধরা কষ্টসাধ্য। তবে চেষ্টা করেছেন পরিচালক মেঘনা গুলজ়ার। কিন্তু ‘স্যাম বাহাদুর’ ছবিতে পরিচালকের এই প্রয়াসকে আরও সহজ করে দিয়েছে এই কিংবদন্তি সেনাপ্রধানের চরিত্রে ভিকি কৌশলের অভিনয়।

সিনেমার শুরুতেই দেখা যায়, এক জন সৈনিককে কাছ থেকে জরিপ করছেন স্যাম। পুরো ছবি জুড়ে সেনার সঙ্গে মানুষটির এই নৈকট্যের মালা গেঁথেছেন পরিচালক। ১৯৩২ সালে মিলিটারি অ্যাকাডেমিতে যোগদান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ১৯৪৭ সালের দেশ ভাগ থেকে ক্রমে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ— স্যামের বর্ণময় কর্মজীবনের উপর আলোকপাত করে এই ছবি। 

সেনা সর্বাধিনায়কের বিরুদ্ধেই এক সময় ‘দেশদ্রোহিতা’-র অভিযোগ ওঠে। সঙ্গে রয়েছে তাঁর পারিবারিক জীবনের ওঠাপড়া এবং তৎকালীন একাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে নৈকট্য। বিশেষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে তাঁর শ্রদ্ধাশীল অথচ মধুর সম্পর্ক ছবির অন্যতম আকর্ষণের জায়গা। প্রধানমন্ত্রীকে ‘সুইটি’ সম্বোধন তাঁর মুখেই মানায়!

স্যাম মানেকশর মতো ব্যক্তি জীবনের সবটা এই ছবিতে তুলে ধরা হয়নি।  ভিকির ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিটির কথা মনে করায়। প্রথমার্ধে ছবি যতটা ধীর, দ্বিতীয়ার্ধে তুলনায় তা গতিময়। ছবির পোশাক এবং সেট পরিকল্পনা প্রশংসনীয়। শঙ্কর মহাদেবনের কণ্ঠে ‘বান্দা’ গানটি ছবির মূল সুর বেঁধে দিয়েছে।

এর আগে মেঘনা গুলজার পরিচালিত ‘রাজি’ ছবিতে দর্শক ভিকিকে দেখেছেন। যদিও সে ছবিতে ভিকি ছিলেন পার্শ্বচরিত্রে। এ বারে তাঁর স্থান ছবির কেন্দ্রে। উভয় ছবির তুলনা অর্থহীন। কারণ প্রেক্ষাপটে সাদৃশ্য থাকলেও তাদের প্রাসঙ্গিকতা ভিন্ন। তবুও বলতেই হয় পরিচালকের হাতে ভিকি এ বার আরও বেশি স্বতন্ত্র। 

এই ছবিতে তাঁর অভিনয় বহুমাত্রিক। এই চরিত্রে তাঁকে নির্বাচন করার জন্য পরিচালককে ধন্যবাদ। সামনের দিকে ঝুঁকে, দু’হাত আড়ষ্ট করে সারা ছবি জুড়ে হাঁটা। পাশাপাশি পার্সি বাচনভঙ্গি রপ্ত করা— অভিনয়ের প্রতিটি ক্ষেত্রে স্যামকে যেন পর্দায় যাপন করেছেন ভিকি। ‘সর্দার উধম’-এর পর এই ছবি। দু’বছরের ব্যবধানে দুটি বায়াপিকে লেটার মার্কস পেয়ে পাশ করে গেলেন ভিকি। সম্ভবত, ভিকির ক্যারিয়ারের সেরা অভিনয় এই ছবিতেই নিংড়ে নিলেন মেঘনা।

সূত্র- আনন্দবাজার