ডায়াপার বদলাতে ভালো পারি: ভিকি কৌশল

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ এএম

চলতি বছরের ‘এনডিটিভি ইন্ডিয়ান অব দ্য ইয়ার’ অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ভিকি কৌশল। এ বছর ‘ছাভা’ সিনেমায় ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান তিনি।

গতকাল শুক্রবার নয়াদিল্লির এই অনুষ্ঠানে ‘সেরা অভিনেতা’র সম্মাননা পান ভিকি কৌশল।

সদ্য বাবা হওয়া ভিকি কৌশলকে অনুষ্ঠানে প্রশ্ন করা হয় অভিনয় ও নাচে তিনি যেমন পারদর্শী, তেমন কি ডায়াপার বদলাতেও পারেন তিনি?

জবাবে হেসে ভিকি বলেন, ‘অভিনয়ের চেয়ে ডায়াপার বদলাতেই আমি বেশি ভালো পারি। এটুকুই বলতে চাই।’ 

বাবা হওয়া নিয়ে তিনি আরো বলেন, ‘বাবা হওয়ার পর শহর ছাড়তে খুব কষ্ট হয়েছে। কিন্তু একদিন যখন আমার সন্তান এটা দেখবে তখন তার বাবাকে নিয়ে গর্ব করবে। বাবা হওয়ার অনুভূতি যে কী তা ভাষায় প্রকাশ করা সম্ভব না।’

গত ৭ নভেম্বর ভিকি কৌশল ও ক্যাটরিনার ঘর আলোকিত করে আসেন পুত্রসন্তান। পুরস্কার গ্রহণের সময় তিনি বলেন, ‘এই সম্মানের জন্য ধন্যবাদ। এটি সত্যিই বিশেষ। এই অর্জন আমার পরিবার ও ছোট্ট সন্তানের জন্য যে আমাদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে।’

ভিকি কৌশলের সর্বশেষ অভিনীত ‘ছাভা’ এ বছরের বক্স অফিসে ঝড় তোলা সিনেমাগুলোর মধ্যে একটি। ভারতে ছবিটির নেট আয় ৭০৮.৫ কোটি টাকা (গ্রস ৭১৬.৯১ কোটি টাকা)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত