বগুড়ায় স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বিএনপির ৪ সাবেক নেতা

বগুড়ার সংসদীয় ৭টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, তৃণমূল বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন দলের ৮৯ জন প্রার্থী। এরমধ্যে বিএনপির সাবেক ৪ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন।

আজ শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন অফিস থেকে এ তথ্যটি জানা যায়।

মনোনয়নপত্র দাখিল করা বিএনপির ৪ নেতা হলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও চারবারের সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শোকরানা, বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরকার বাদল এবং জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিউটি বেগম।

এদের মধ্যে মোহাম্মদ শোকরানা বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে, বিউটি বেগম বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে, জিয়াউল হক মোল্লা বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ও সরকার বাদল বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মনোনয়ন দাখিল করেছেন।

মনোনয়নপত্র জমা দেয়ার পর বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শোকরানা জানান, আমি বিএনপি থেকে পদত্যাগ করেছি। সারিয়াকান্দি ও সোনাতলায় জনগণের সাথে কাজ করছি। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে। স্বতন্ত্র প্রার্থী হয়েছি। জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী তিনি।

বগুড়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিউটি বেগম জানান, আগেও জনপ্রতিনিধি ছিলাম। এখন জনগণের সাথেই আছি। যেহেতু আমি দলের বাহিরে আছি তাই  জনগণপর জন্যই ভোট করব। এলাকার মানুষ ও সাধারণ ভোটাররা আমার শক্তি।

বগুড়া-৪ আসনের ৪ বারের সংসদ সদস্য বিএনপির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মোল্লা জানান, এই আসন আমার পুরোনো বাড়িঘর। এই এলাকায় টানা ৪ বার এমপি ছিলাম। পুরো নেতাকর্মীর আমার সাথে আছে এবং ওই এলাকার সামাজিক যে শক্তি আছে তারা আমাকে আশ্বস্ত করেছে আমাকে নির্বাচনে যাওয়ার জন্য। বিজয়ী হবেন বলে আশাবাদী তিনি।