তহুরার জোড়ায় ৪৩৭ দিন পর জয় বাংলাদেশের

শুরু থেকেই দাপট দেখিয়ে খেলছিল বাংলাদেশ। শুরুতেই পেয়ে যায় গোলে দেখা। প্রথমার্ধতে দ্বিগুণ ব্যবধান লিড নিয়ে যায় বিরতিতে। ফিরে এসে আরও এক গোল। তহুরা খাতুন করেছেন জোড়া গোল। তাতে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের শেষে হাসিটা সাবিনা খাতুনদেরই।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে সিঙ্গাপুরকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর আন্তর্জাতিক ফুটবলে এটাই সাবিনাদের প্রথম জয়। সময়ের হিসেবে যা ৪৩৭ দিন। চলতি বছরেও এটাই তাদের প্রথম জয়।

ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। আফিদা খন্দকারের শটে সিঙ্গাপুরের জালে গিয়ে জড়ায় বল। তাকে ঘিরে দলের বাকি সতীর্থরা উল্লাসে মেতে উঠেন। শুরুতেই যে লিড পেয়ে যায় বাংলাদেশ।

স্বাগতিক লিড দ্বিগুণ হয় ১৬তম মিনিটে। এবার গোল করেন তহুরা খাতুন। তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরেও খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি লাল সবুজদের। খেলার ৬০ মিনিটে ফের গোলের দেখা পায় তারা। এবারও আসে তহুরার পা থেকে। তারপর আর কোনো দলই গোলের দেখা পায়নি। শেষে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।